
কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে সংবর্ধনা ও উন্নয়ন দাবিতে মানপত্র প্রদান
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লা-১০ (লালমাই ও নাঙ্গলকোট) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি মানপত্র প্রদান করা হয়েছে। তরুণ ছাত্রনেতা ও সংগঠক মোঃ মামুনুর রশীদের উদ্যোগে এ মানপত্রে স্থানীয় জনগণের পক্ষ থেকে এমপির প্রতি গভীর আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মানপত্রে উল্লেখ করা হয়, বিপুল জনসমর্থনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করায় লালমাই ও নাঙ্গলকোটবাসী গর্বিত ও আনন্দিত। এটি শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং দীর্ঘদিনের জনসেবা, সততা ও মানুষের কল্যাণে নিরলস কাজের স্বীকৃতি।
এতে আরও বলা হয়, লালমাই ও নাঙ্গলকোট অঞ্চলের মানুষের সঙ্গে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা তাকে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে সহায়তা করেছে। তার নেতৃত্বে এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নতি, টেকসই নগর পরিকল্পনা ও আধুনিক আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মানপত্রে স্থানীয় উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—লালমাই উপজেলায় কারিগরি কলেজ স্থাপন, ডাকাতিয়া নদী সংস্কার, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, পৌরসভা উন্নয়ন, বাগমারা বাজারের ডাবল লাইন সমস্যা সমাধান, ভূমি রেজিস্ট্রি অফিসের সংস্কার, কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন এবং সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ।
এছাড়া লালমাই উপজেলার সীমানা সম্প্রসারণ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়, যাতে উপজেলাটি একটি মডেল উপজেলায় রূপান্তরিত হতে পারে। বিশেষভাবে বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়, যেখানে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত।
মানপত্রে শেষে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয় এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার নেতৃত্বে কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।