
কুমিল্লায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা |
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে কুমিল্লা সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। অপসাংবাদিকতা শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে।”
কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুঃ রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার জনাব মো. আনিসুজ্জামান। তিনি সাংবাদিকদের নৈতিক মান বজায় রেখে জনকল্যাণমুখী সাংবাদিকতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) জনাব মো. আব্দুস সবুর। তিনি প্রেস কাউন্সিলের নীতিমালা এবং সাংবাদিকদের জন্য নির্ধারিত আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব এবং অপসাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের প্রশিক্ষণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরণের কর্মশালা সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।