
বাগমারা উচ্চ বিদ্যালয় এসএসসি-৯২ ব্যাচের ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধি
‘বন্ধুত্বের টানে এসেছি ফিরে‘ এ স্লোগানকে ধারণ করে কুমিল্লা লালমাই উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয় এসএসসি-১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের বন্ধুত্বের বন্ধন স্মরণীয় করে রাখতে ৫ম বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। ৯২ ব্যাচের ব্যবসায়ী সুমন আহমেদ হানিফের প্রধান পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর কনফারেন্স অডিটোরিয়ামে ব্যতিক্রমী এই মিলন মেলার আয়োজন করা হয়।৯২ ব্যাচের আবদুল কুদ্দুস মুন্সী ও কাজী জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় এবং জাকির হোসেন (বি.কম), মজিবুর রহমান (এম.কম), আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মিলনমেলায় ৯২ ব্যাচের ৬৮জন বন্ধু অংশ নেয়।
১৯৯২ সালে এসএসসি পাশের পর কেটে গেছে ৩৪ বছর। দীর্ঘ এই পথচলায় বন্ধুদের একেকজন চলে গেছেন একেক পেশায়। কেউ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ ব্যবসায়ী, কেউবা প্রবাসী। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনের। অনেকেই এ-সময় স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পর প্রিয় বন্ধুদের পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।
বন্ধুদের কুশল বিনিময়, আড্ডা, পরিচিতি সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, কবিতা আবৃত্তি, গান, উপহার প্রদান, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সমাপ্ত হয় পুনর্মিলনী।