শিক্ষা ও নৈতিকতার ওপর জোর দেওয়ার আহ্বান ড. মোস্তফা সাজ্জাদ হাসানের
মোহাম্মদ আনোয়ার হোসেন
সন্তানদের সুশিক্ষা, কঠোর পরিশ্রম এবং নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন লালমাই উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তফা সাজ্জাদ হাসান (এফসিএ, সিপিএ)। তিনি মনে করেন, সাময়িক ক্ষমতা, অর্থ ও রাজনৈতিক পদ-পদবির মোহে বিভ্রান্ত হয়ে পড়া ব্যক্তি ও সমাজ—উভয়ের জন্যই ক্ষতিকর।
৭এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানান, সন্তানদের কখনোই ক্ষমতা বা সুবিধাবাদের পথে ঠেলে না দিয়ে তাদের শিক্ষিত ও পরিশ্রমী হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে।
ড. হাসান আরও বলেন, “রাজনৈতিক পদ-পদবি, টাকা ও ক্ষমতা ক্ষণস্থায়ী। আগে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।” তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত নৈতিকতা ও মানবিকতা ছাড়া দেশের সেবা করতে গেলে তা জাতির জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হতে পারে।
বর্তমান সমাজব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনীতির আড়ালে ক্ষমতার অপব্যবহার, সুবিধাবাদ এবং বিভেদ সৃষ্টির প্রবণতা বাড়ছে, যা প্রকৃত রাজনীতিকে আড়াল করে দিচ্ছে। এর ফলে সমাজে অস্থিরতা ও অবক্ষয় দেখা দিচ্ছে।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মতামতকে সময়োপযোগী এবং সমাজ সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।